প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি তথ্য সামনে এনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ইংলিশ ক্লাব চেলসির নারী ফুটবল দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন জাইমা। আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী পরিবারের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বেশ প্রবল। তিনি জানান, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান—তারা খেলাধুলা খুবই পছন্দ করেন। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে গিয়েছিলাম, তখন ডাক্তার জুবাইদা রহমান ও জাইমা রহমানের সঙ্গে সরাসরি আমার কথা হয়।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর তুলনায় তার স্ত্রী ও মেয়ে খেলাধুলার প্রতি বেশি আগ্রহী। ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষায়, প্রধানমন্ত্রী তাকে একাধিকবার বলেছেন, ‘আমিনুল, আমি যতটা না স্পোর্টস পছন্দ করি, তার চেয়ে হাজার গুণ বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।’
একই প্রসঙ্গে আমিনুল হক উল্লেখ করেন, জাইমা রহমান চেলসির নারী ফুটবল দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, ‘জাইমা রহমান লম্বা গড়নের হওয়ায় গোলরক্ষক হিসেবে সুযোগটি পেয়েছিলেন। তবে পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তাকে সেইভাবে খেলার সুযোগ দেননি। আমার জানা মতে, তিনি আমার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক।’সব মিলিয়ে, ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যে জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার সম্ভাবনার একটি ভিন্ন দিক উঠে এসেছে।





