ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা আফরান নিশো অভিনীত ‘দম’ আয়ের দিক থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। দর্শকের চাহিদায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি ভালো দাপট দেখাচ্ছে।
বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রথম হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক ছুঁয়েছে ‘দম’। ফলে নতুন এক রেকর্ডও গড়েছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ৩৪.০৭ লাখ, তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা। চতুর্থ দিনে প্রায় একই ধারা বজায় রেখে ৩৪.২১ লাখ টাকা আসে। পঞ্চম দিনে আয় কিছুটা কমে ৩২.১৭ লাখ টাকায় নামলেও প্রেক্ষাগৃহে আগ্রহ কমেনি।
বিএমআর জানায়, পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘দম’-এর মোট ৩৩টি শো অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি হাউজফুল এবং ৪টি শো ছিল দর্শকে পূর্ণ। সব মিলিয়ে প্রথম পাঁচ দিনে মাল্টিপ্লেক্স থেকে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।
রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।
এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’—এই ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় থেকেও আয়ের দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ‘দম’।




