যুক্তরাজ্যে হাসপাতালের সামনে থেকে রোগীসহ অ্যাম্বুলেন্স চুরি, গ্রেপ্তার ১

আজকের বিশ্ব - নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে হাসপাতালের সামনে থেকে রোগীসহ অ্যাম্বুলেন্স চুরি। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বুধবার রাত আনুমানিক ২০:১৫ (জিএমটি) নাগাদ রয়্যাল স্টোক হাসপাতালে ঘটে।

Ad image


স্ট্যাফোর্ডশায়ার পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটিতে একজন রোগীর সঙ্গে পেছনে ছিলেন একজন প্যারামেডিক ও আরও একজন ব্যক্তি। ওই সময়ই অভিযুক্ত ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনার পরপরই পুলিশ অ্যাম্বুলেন্সটির পিছু নেয়। পরে নিউক্যাসল-আন্ডার-লাইম এলাকায় লিভারপুল রোড ও লন্ডন রোডের সংযোগস্থলের কাছে এ৩৪ সড়কের একটি এসো পেট্রোল স্টেশনে গাড়িটি থামানো হয়।
এরপর লন্ডন রোড সংলগ্ন জলাভূমি এলাকায় তল্লাশি চালিয়ে পালানোর চেষ্টা করা এক ব্যক্তিকে পুলিশের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় আটক করা হয়।

ad walton square


পুলিশ জানিয়েছে, স্টোক-অন-ট্রেন্টের ৩১ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যানবাহন চুরি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং পরীক্ষার জন্য নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, অ্যাম্বুলেন্সটি থামার পর রোগীকে হাসপাতালে নিতে দ্রুত আরেকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ জানতে স্ট্যাফোর্ডশায়ার পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হচ্ছে।

সূত্র: বিবিসি

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bkash pop