চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ২০২৬ সালের কিউএস র্যাংকিংয়ে চুয়েটের পিএমই বিভাগ র্যংকিংয়ে ১৫৫তম স্থান করে নিয়েছে।
সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে নির্বাচিত ১৭৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়েটের পিএমই বিভাগ রয়েছে ১৫৫তম অবস্থানে। এটি বিভাগটির টানা চতুর্থবারের মতো এই র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “পিএমই বিভাগের এই স্বীকৃতি চুয়েটের শিক্ষা ও গবেষণার ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। সীমিত বাজেট ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। সবার সহযোগিতায় এই ধারা বজায় থাকবে—এটাই প্রত্যাশা।” তিনি এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, এই সাফল্য গর্বের হলেও লক্ষ্য আরও বড়। তার ভাষায়, শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় গবেষণা ও একাডেমিক উৎকর্ষতা ধরে রেখে এগিয়ে যেতে চায় বিভাগটি। তিনি জানান, ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
২০২৬ সালের এই র্যাংকিংয়ে পাঁচটি বিস্তৃত বিষয়ের অধীনে মোট ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিশ্বের ১,৯০০-এর বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি শাখার পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে চুয়েটের এই অর্জন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে এ তালিকায় স্থান পেয়েছে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের এই স্বীকৃতি দেশের উচ্চশিক্ষার জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
জনসংযোগ দপ্তর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।




