বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে। প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার—এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের একটি অভিযোগের সমাধান হতে যাচ্ছে।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের জানান, প্রিপেইড মিটারের মাসিক ভাড়া নিয়ে গ্রাহকদের মধ্যে অনেক দিন ধরেই অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী বলেন, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের মূল্য পরিশোধের পরও কেন বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে দাবি ও প্রতিবাদ চলছিল।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
__________________________




