বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন এসেছে। বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে নতুন নেতৃত্বের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল আহসান জানান, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তিন মাস মেয়াদে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
১১ সদস্যের এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কাজ করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। তাই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে। একই সঙ্গে নতুন এডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
সব মিলিয়ে, নতুন কমিটির অধীনে আগামী তিন মাসে বিসিবির কার্যক্রম কীভাবে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।




