সংগীত ও সংস্কৃতি অঙ্গনের মানুষদের নিয়ে নতুন এক অনুষ্ঠান আসছে দর্শকদের সামনে। অণিমা রায়ের সঞ্চালনায় ‘অণিমার গানঘর’ শুরু —বৈঠকি আড্ডার আঙ্গিকে সাজানো এই অনুষ্ঠানে গুণী শিল্পীদের সঙ্গে কথা বলবেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্ম। এতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটির দৈর্ঘ্য রাখা হয়েছে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা।
অনুষ্ঠানটি নির্মাণ করছেন সুরকার, গীতিকার ও সঞ্চালক তানভীর তারেক। ইতোমধ্যে কয়েকটি পর্ব ধারণ করা হয়েছে। এসব পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব এবং কণ্ঠশিল্পী ঐশী। কারিগরি সহযোগিতায় রয়েছে কোলাহল কমিউনিকেশন।
অনুষ্ঠানটি নিয়ে অণিমা রায় বলেন, সংগীত তার জীবনের বড় অংশ। তানভীর তারেকের প্রস্তাবে শিল্পীদের জীবন ও দর্শন নিয়ে আড্ডাভিত্তিক একটি আর্কাইভ তৈরির ধারণা তার ভালো লাগে। সেই ভাবনা থেকেই এই আয়োজন।
প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহলের অফিসিয়াল পেজ, তানভীর তারেকের ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফর্মে নতুন পর্ব প্রকাশ করা হবে।
আজ রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানের প্রথম পর্ব, যেখানে অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।




